মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব

২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করমুক্ত সুবিধা বহাল রাখতে বাজেটে ঘোষণা, প্রবীণ নাগরিকদের জন্যও বাড়ছে ভাড়া ছাড়l

টুইট প্রতিবেদক: মেট্রোরেলে যাতায়াতে বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতির সুবিধা আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্য উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। তিনি বলেন, নগর গণপরিবহন ব্যবস্থাকে আরও জনবান্ধব ও সাশ্রয়ী রাখতে মেট্রোরেল সেবার ওপর কর অব্যাহতি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমান আইনে শীতাতপনিয়ন্ত্রিত রেলসেবার টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান থাকলেও ২০২২ সালের ডিসেম্বরে মেট্রোরেল চালুর পর থেকে এ সেবায় তা কার্যকর করা হয়নি। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ভ্যাট কার্যকরের উদ্যোগ নেওয়া হলেও যাত্রীদের আপত্তি এবং সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে তা বাস্তবায়ন হয়নি। পরে ধারাবাহিকভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ভ্যাট অব্যাহতি বহাল রাখা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এ সুবিধার মেয়াদ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর রয়েছে।

বাজেট প্রস্তাবে শুধু ভ্যাট অব্যাহতি নয়, প্রবীণ নাগরিকদের জন্যও বিশেষ সুবিধার কথা জানানো হয়েছে। ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। একই সঙ্গে সাধারণ ট্রেনে তাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ বজায় থাকবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

সরকারের দীর্ঘমেয়াদি গণপরিবহন পরিকল্পনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, রাজধানীতে ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে একটি আধুনিক ও সমন্বিত গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা হবে। পাশাপাশি মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

বিশ্লেষকদের মতে, মেট্রোরেলে ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানো হলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া বহনের আশঙ্কা কমবে এবং নগরবাসীকে গণপরিবহন ব্যবহারে আরও উৎসাহিত করবে।

একই সঙ্গে রাজধানীর যানজট ও পরিবেশগত চাপ কমানোর বৃহত্তর পরিকল্পনাও এ উদ্যোগের মাধ্যমে শক্তিশালী হতে পারে।