তারেক রহমান সরকারের প্রথম বাজেট ঘোষণা, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাব

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট; ঘাটতি পূরণে ঋণ ও অনুদানের ওপর থাকছে নির্ভরতা

টুইট ডেস্ক: তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট ঘোষণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত এ বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট।

বাজেটের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ঘাটতির পরিমাণ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

বড় অঙ্কের এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। এর মধ্যে বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

সংসদে উপস্থাপনের আগে প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের পর বাজেট রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের সঙ্গে বাজেট কার্যকর হবে।

২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।