শিক্ষার্থীদের সম্পৃক্ততায় বান্দরবানে তামাকবিরোধী বার্তা জেলা প্রশাসকের

তরুণদের ‘না’ বলার আহ্বান, সচেতনতা ছড়িয়ে দেওয়ার তাগিদ জেলা প্রশাসকের

বান্দরবান প্রতিনিধি: তরুণ প্রজন্মকে ধূমপান ও তামাকের ক্ষতি থেকে রক্ষা করতে বান্দরবান পৌরসভার উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস। তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই যেকোনো মূল্যে তামাক ও মাদককে ‘না’ বলতে হবে। শুধু নিজে দূরে থাকলেই চলবে না, পরিবার ও বন্ধুদের মাঝেও এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক এস এম মনজুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আবছার চৌধুরী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এবং অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা। এছাড়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন পৌরসভার প্রধান নির্বাহী আবু আবদুল্লাহ।

সেমিনারে বক্তারা বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য করে তামাকবিরোধী সচেতনতা সৃষ্টি করা সময়োপযোগী উদ্যোগ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তামাকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।