নির্বাচনী দায়িত্বে মৃত্যু-আহতে ১০ লাখ টাকা অনুদান

কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য নতুন নীতিমালা জারি
টুইট ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রমে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা, কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত, আহত বা গুরুতর অসুস্থ হলে তাদের কিংবা তাদের পরিবারের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন আর্থিক অনুদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে ‘নির্বাচনে ও ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত কার্যক্রমে দায়িত্ব পালনকালে অসুস্থ, আহত ও মৃত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা বা অনুদান প্রদান নীতিমালা-২০২৬’ শীর্ষক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, নির্বাচনী দায়িত্ব পালনকালে দুর্বৃত্তের হামলা বা দুর্ঘটনায় কোনো ব্যক্তি নিহত হলে তার পরিবার সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান পাবে। একই কারণে কেউ স্থায়ীভাবে অক্ষম হলে সর্বোচ্চ ৪ লাখ টাকা, সাময়িক অক্ষমতা বা গুরুতর আঘাতের ক্ষেত্রে সর্বোচ্চ ২ লাখ টাকা এবং সাধারণ আহত হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।
এছাড়া দায়িত্ব পালনকালে আকস্মিক মৃত্যু বা গুরুতর অসুস্থতার ক্ষেত্রেও আর্থিক সহায়তার বিধান রাখা হয়েছে। আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার সর্বোচ্চ ৬ লাখ টাকা, স্থায়ী অক্ষমতা বা গুরুতর অসুস্থতায় সর্বোচ্চ ৩ লাখ টাকা এবং চিকিৎসা ব্যয়ের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে নীতিমালাটি কার্যকর হবে। জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ সুবিধার আওতায় থাকবেন।
নীতিমালায় অনুদান পাওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার নির্ধারণের জন্য সরকারি পেনশন সংক্রান্ত বিদ্যমান বিধান অনুসরণের কথা বলা হয়েছে। মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা-মা কিংবা নির্ধারিত উত্তরাধিকারীরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
অনুদান পাওয়ার জন্য দুর্ঘটনা বা অসুস্থতার ঘটনার ৩০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বা অফিস প্রধানের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, উত্তরাধিকার সনদ, চিকিৎসা বা মৃত্যুসনদসহ প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে।
আবেদন যাচাই ও সুপারিশের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে অনুদানের অর্থ সরাসরি সুবিধাভোগীর ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।
নির্বাচন কমিশনের মতে, দায়িত্ব পালনকালে ঝুঁকির মুখে থাকা কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য এ নীতিমালা গুরুত্বপূর্ণ সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করবে।






