ভুয়া আমদানিকারক সেজে সাড়ে ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা

হযরত শাহজালাল বিমানবন্দরে ৯ লাখ ৬০ হাজার নকল সিগারেট স্ট্যাম্প জব্দ, কাস্টমসের তদন্তে চাঞ্চল্য।
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি আমদানি চালান থেকে ৯ লাখ ৬০ হাজার পিস নকল প্রিন্টেড সিগারেট স্ট্যাম্প (ব্যান্ডরোল) জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। এতে সরকারের প্রায় ৯ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিম ও এক্সপ্রেস সার্ভিস ইউনিট গত ১৩ মে কার্গো কমপ্লেক্সে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা চালায়। পরীক্ষায় দেখা যায়, চারটি কার্টনের ভেতরে ‘হ্যান্ড ট্যাগ, প্রাইস লেবেল ও ওভেন লেবেল স্যাম্পল’ হিসেবে ঘোষিত পণ্যের আড়ালে মোট ৯ লাখ ৬০ হাজার পিস নকল সিগারেট স্ট্যাম্প রয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, চালানটির বিপরীতে কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি এবং সংশ্লিষ্ট বিআইএন নম্বর যাচাই করেও কোনো বৈধ প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। কাস্টমসের ধারণা, ভুয়া আমদানিকারকের পরিচয় ব্যবহার করে সংঘবদ্ধভাবে এই চালান আনা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের সাংহাই থেকে চার কার্টনের এই চালান দেশে আসে। ইমপোর্ট জেনারেল মেনিফেস্টে আমদানিকারক হিসেবে ‘MR JUNAINA KHAN’-এর নাম উল্লেখ ছিল। পরবর্তীতে একই পরিচয়ে আরও একাধিক চালান আসার তথ্য পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যক্তি তা অস্বীকার করেছেন।
তদন্তে বিভিন্ন নথিতে আমদানিকারকের তথ্যের অসঙ্গতিও ধরা পড়ে। কুরিয়ার প্রতিষ্ঠান BAEI Express Limited-এর নথিতে MOHIB Garments Ltd.-এর নাম থাকলেও এয়ারওয়ে বিলে Gitech Label Solution Ltd.-এর নাম এবং যোগাযোগ ব্যক্তি হিসেবে জুনাইনা খানের নাম পাওয়া যায়।
কাস্টমসের হিসাব অনুযায়ী, এসব নকল স্ট্যাম্প বাজারজাত করা হলে সরকারের প্রায় ৯ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার টাকার রাজস্ব ক্ষতি হতো। বিদেশ থেকে এ ধরনের সিগারেট স্ট্যাম্প আমদানির কোনো বৈধ সুযোগ নেই বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমসের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ কামরুল হাসান জানান, কাস্টমস আইনসহ বিভিন্ন আইনে চোরাচালানের অপরাধে মামলা করা হয়েছে। একই সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ বাণিজ্য ও চোরাচালানের বিরুদ্ধে কাস্টমসের অবস্থান ‘জিরো টলারেন্স’ এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: ইত্তেফাক






