সীমান্তে পুশইন চেষ্টা ব্যর্থ

বেনাপোলের সাদিপুর সীমান্তে নারী-শিশুসহ ৮-১০ জন জিরো লাইনে অবস্থান

টুইট প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কথিত পুশইন চেষ্টাকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনার পর নারী, পুরুষ ও শিশুসহ ৮ থেকে ১০ জনকে দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখা বা জিরো লাইনে অবস্থান করতে দেখা গেছে।

রোববার রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরে সাদিপুর খড়ের মাঠ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার বিকেল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা জিরো লাইনে অবস্থান করছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

বিজিবি সূত্রের তথ্য অনুযায়ী, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত এলাকা থেকে কাঁটাতারের গেট খুলে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক অবস্থানের কারণে ওই প্রচেষ্টা সফল হয়নি।

স্থানীয়দের ভাষ্য, জিরো লাইনে অবস্থানকারীদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা খোলা আকাশের নিচে মানবেতর অবস্থায় সময় কাটাচ্ছেন। বিজিবির বাধার মুখে বিএসএফ তাদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়নি বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তজুড়ে নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

বর্ডার গার্ড ব্যাটালিয়নে (বিজিবি)–এর যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম খান জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার ছিল এবং পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বর্তমানে কয়েকজন নারী, পুরুষ ও শিশু সাদিপুর সীমান্তের জিরো লাইনে অবস্থান করছেন।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যু নিয়ে বিভিন্ন এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও মানবাধিকার প্রশ্নে নতুন করে আলোচনা তৈরি করছে।

জিরো লাইনে আটকে পড়া ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই এবং তাদের ভবিষ্যৎ অবস্থান নির্ধারণে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।