জ্বালানি তেলের দাম ফের বাড়ল

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে লিটারপ্রতি সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি; নতুন দাম কার্যকর ১ জুন থেকে।
টুইট ডেস্ক: দেশের ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জুন মাসের জন্য পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি সর্বোচ্চ ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। নতুন এ মূল্য আগামীকাল ১ জুন থেকে কার্যকর হবে।
রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে দেশে ভোক্তাপর্যায়ে নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়। নতুন সমন্বয়ের ফলে বিশেষ করে অকটেন, পেট্রল ও কেরোসিনে লিটারপ্রতি ৫ টাকা করে বাড়তি খরচ গুনতে হবে ভোক্তাদের।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং আমদানি ব্যয়ের চাপের কারণেই বারবার এই মূল্য সমন্বয় করা হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশীয় পরিবহন ও জীবনযাত্রার ব্যয়ে।






