নারায়ণগঞ্জের কারাগারে ঈদের আনন্দ

 

কারাগারে ঈদের আনন্দ

নারায়ণগঞ্জে বন্দিদের জন্য বিশেষ খাবার, দোয়া ও সাংস্কৃতিক আয়োজন।

টুইট ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য নেওয়া হয়েছে বিশেষ আয়োজন। পরিবার-পরিজন থেকে দূরে থাকা বন্দিদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উন্নত খাবার, ঈদের জামাত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ মে) সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই কারাগারের ভেতরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বন্দিদের অনেকেই নতুন পোশাক পরে ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি এবং বন্দিদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কারাগার সূত্রে জানা গেছে, বর্তমানে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ১ হাজার ৫৫২ জন বন্দি রয়েছেন। ঈদের জামাতে ইমামতি করেন হাফেজ আব্দুল্লাহ।

ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সকালের নাশতায় পরিবেশন করা হয় পায়েস, সেমাই ও মুড়ি। দুপুরের খাবারে ছিল পোলাও, গরু ও মুরগির মাংস, মিষ্টান্ন, পান-সুপারি ও কোমল পানীয়। রাতের খাবারে রাখা হয়েছে সাদা ভাত, মাছ ও আলুর দম।

কারা প্রশাসন জানিয়েছে, ঈদের পরবর্তী তিন দিন বন্দিদের পরিবারের পক্ষ থেকে আনা খাবার একবার করে গ্রহণের সুযোগ দেওয়া হবে। এতে পরিবার থেকে বিচ্ছিন্ন বন্দিদের মানসিক স্বস্তি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শুধু খাবার নয়, বন্দিদের মানসিক প্রশান্তির জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার ব্যবস্থাও করা হয়েছে। কারাগারের ভেতরে ছোট পরিসরে গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান বলেন, “বন্দিরাও সমাজেরই অংশ। ঈদের আনন্দ তারা যেন কিছুটা হলেও অনুভব করতে পারেন, সে লক্ষ্যেই বিশেষ আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, বন্দিদের মানসিকভাবে স্বাভাবিক ও ইতিবাচক রাখতে কারা কর্তৃপক্ষ সবসময় মানবিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে। পাশাপাশি ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগও বাড়ানো হয়েছে।