৪০ দেশের জন্য ফ্রি ইটিএ চালু শ্রীলঙ্কার

পর্যটন খাত চাঙা করতে বড় উদ্যোগ, ৩০ দিনের ভিসা মিলবে বিনামূল্যে
টুইট প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য শ্রীলঙ্কা এবার ৪০ দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ট্যুরিস্ট ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা চালু করেছে। দেশটির অভিবাসন ও প্রবাসন বিভাগ জানিয়েছে, নতুন এ নীতি ২০২৬ সালের ২৫ মে থেকে কার্যকর হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় নির্বাচিত দেশগুলোর নাগরিকেরা অনলাইনে আবেদন করে ৩০ দিনের পর্যটক ভিসা বিনা মূল্যে গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে পর্যটক প্রবাহ বাড়িয়ে দেশের পর্যটন শিল্পকে আরও গতিশীল করার লক্ষ্য নিয়েছে কলম্বো প্রশাসন।
ফ্রি ইটিএ সুবিধা পাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে,অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহরাইন, বেলারুশ, বেলজিয়াম, কানাডা, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইসরায়েল, ইতালি, জাপান, কাজাখস্তান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, ওমান, পাকিস্তান, পোল্যান্ড, কাতার, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র।
তবে ভিসা ফি মওকুফ করা হলেও শ্রীলঙ্কায় প্রবেশের আগে সব বিদেশি নাগরিককে বাধ্যতামূলকভাবে ইটিএ গ্রহণ করতে হবে। একই নিয়ম প্রযোজ্য হবে মালদ্বীপ, সিশেলস ও সিঙ্গাপুর–এর নাগরিকদের ক্ষেত্রেও।
অভিবাসন বিভাগ আরও জানিয়েছে, ২৫ মে ২০২৬-এর আগে যারা ইটিএ ফি জমা দিয়েছেন, তারা কোনো অর্থ ফেরত পাবেন না।
বর্তমান নীতিমালা অনুযায়ী, সাধারণ পর্যটকেরা শ্রীলঙ্কায় সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারবেন। তবে মালদ্বীপের নাগরিকদের জন্য থাকছে ৯০ দিন পর্যন্ত থাকার বিশেষ সুবিধা। এছাড়া ভিসার মেয়াদের মধ্যে দুইবার প্রবেশের সুযোগও থাকবে। কেউ ৩০ দিনের বেশি সময় অবস্থান করতে চাইলে নির্ধারিত ফি দিয়ে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।
পর্যটন বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটনকেন্দ্রিক প্রতিযোগিতা বেড়েছে। সেই বাস্তবতায় ফ্রি ইটিএ উদ্যোগকে শ্রীলঙ্কার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।






