বাসচাপায় প্রাণ গেল ৪ সিএনজি যাত্রীর

সিরাজগঞ্জের সলঙ্গায় ভয়াবহ দুর্ঘটনা, নিহতদের পরিচয় এখনো মেলেনি।
টুইট প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ১ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানিয়েছেন, নিহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বাসটির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।






