রোনালদোকে পেছনে ফেলে আলোচনায় ব্রুনো

ওলিসের মন্তব্যে পর্তুগাল দলে ‘নেতৃত্ব বিতর্ক’ নতুন করে উসকে উঠল।
টুইট ডেস্ক: বিশ্বকাপ সামনে রেখে ফুটবল মহলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পর্তুগাল। দলের নেতৃত্ব ও প্রভাবশালী খেলোয়াড়কে,এই প্রশ্নে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে।
বায়ার্ন মিউনিখ তারকার মতে, বর্তমান পর্তুগাল দলে প্রকৃত “নিউক্লিয়াস” বা মূল চালিকাশক্তি ব্রুনো ফার্নান্দেস ফুটবল ইতিহাসের অন্যতম মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো নন।
ছয় দেশের সেরা বেছে নিতে গিয়ে বিতর্কের শুরু
এক ই-স্পোর্টস আয়োজনে বিভিন্ন দেশের বর্তমান সেরা ফুটবলার নির্বাচন করতে বলা হয় ওলিসেকে। সেখানে তিনি ইংল্যান্ডের জন্য হ্যারি কেইন, জার্মানির জন্য জশুয়া কিমিখ, আর্জেন্টিনার জন্য লিওনেল মেসি এবং স্পেনের জন্য লামিনে ইয়ামাল-কে বেছে নেন।
তবে আলোচনার মোড় ঘুরে যায় পর্তুগাল প্রসঙ্গে, যেখানে তিনি রোনালদোর বদলে ব্রুনো ফার্নান্দেসকে দলের মূল কেন্দ্র হিসেবে উল্লেখ করেন।
সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
ওলিসের এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। একাংশ এটিকে “অপ্রত্যাশিত ও বিতর্কিত” বললেও অন্যরা ব্রুনোর সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে মন্তব্যটিকে যৌক্তিক বলছেন।
বিশ্লেষকদের মতে, বর্তমান কোচ রবার্তো মার্তিনেস-এর অধীনে পর্তুগাল দলে রোনালদো, ব্রুনো ছাড়াও বার্নার্দো সিলভা ও রাফায়েল লিয়াও-এর মতো তারকারা সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
বিশ্বকাপকে ঘিরে পর্তুগালের আশা
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী পর্তুগাল। সমর্থকদের প্রত্যাশা,এবার হয়তো ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপার স্বাদ পেতে পারে দলটি।
পর্তুগাল ‘গ্রুপ কে’-তে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে। এরপর উজবেকিস্তান ও কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।





