বিশ্বকাপের আগে দুশ্চিন্তা, ইনজুরির শঙ্কায় মাঠ ছাড়লেন মেসি

ম্যাচ চলাকালেই বদলির ইঙ্গিত, আর্জেন্টিনা শিবিরে বাড়ছে উদ্বেগ

টুইট ডেস্ক: বিশ্বকাপের ঠিক আগে বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা শিবির। ইনজুরির শঙ্কা তৈরি করে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি–কে।

সোমবার মেজর লিগ সকারে ইন্টার মায়ামি–র হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন–এর বিপক্ষে খেলতে নামেন মেসি। গোলবন্যার ম্যাচে ৬-৪ ব্যবধানে জয় পেলেও ম্যাচের শেষভাগে মেসির মাঠ ছাড়ার ঘটনা ছাপিয়ে যায় সবকিছু।

ম্যাচের ৭৩তম মিনিটে হঠাৎ বদলির ইঙ্গিত দেন তিনি। কিছুক্ষণ মাঠের বাইরে হাঁটার পর সরাসরি টানেলের দিকে চলে যান। এ সময় তাকে পায়ের পেছনের অংশ ধরে থাকতে দেখা যায়, যা সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

তার পরিবর্তে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টিভেজা পিচ্ছিল মাঠে কোনো সংঘর্ষ ছাড়াই অস্বস্তি অনুভব করেন মেসি। এরপরই সতর্কতামূলকভাবে তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

বর্তমানে মায়ামির চিকিৎসক দল তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে চোটের প্রকৃতি বা মাত্রা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

৩৮ বছর বয়সেও মেসি আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় ভরসার নাম। লিওনেল স্কালোনি–র দলের নেতৃত্বে থাকা এই তারকাকে ঘিরেই বিশ্বকাপ স্বপ্ন দেখছেন সমর্থকরা। অনেকের ধারণা, এটিই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ।

আগামী ১৬ জুন আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হওয়ার কথা। এমন সময়ে মেসির সম্ভাব্য ইনজুরি আলবিসেলেস্তেদের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে।