বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের দাপট

২০২৬ আসরে ডাগআউটে আলবিসেলেস্তে আধিপত্য, ব্রাজিল খেলবে বিদেশি কোচের অধীনে।

টুইট প্রতিবেদক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের মাঠে শুধু খেলোয়াড়দের লড়াই নয়, কোচদের লড়াইয়েও স্পষ্ট হয়ে উঠেছে আর্জেন্টিনার আধিপত্য। এবারের আসরে জাতীয়তা বিবেচনায় সবচেয়ে বেশি কোচ এসেছে আর্জেন্টিনা থেকে। বিশ্ব ফুটবলের কৌশলগত মঞ্চে যেন নতুন এক ‘আর্জেন্টাইন স্কুল’-এর উত্থান দেখা যাচ্ছে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি–এর নেতৃত্বে দলটি শিরোপা ধরে রাখার মিশনে নামছে। তার সঙ্গে আরও পাঁচ আর্জেন্টাইন কোচ বিশ্বকাপের ডাগআউটে থাকবেন। এ তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো।

বিশ্বকাপের কোচিং তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। পাঁচ ফরাসি কোচ এবারের আসরে বিভিন্ন দলের দায়িত্বে থাকছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্সের দীর্ঘদিনের সফল কোচ দিদিয়ের দেশম। এছাড়া বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিওও রয়েছেন এই তালিকায়।

স্প্যানিশ কোচদের উপস্থিতিও এবার চোখে পড়ার মতো। মোট চারজন স্প্যানিশ কোচ বিশ্বকাপে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে আছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ এবং কাতারের হুলেন লোপেতেগি।

অন্যদিকে ইতালি ও জার্মানি থেকে তিনজন করে কোচ বিশ্বকাপে থাকছেন। তবে সবচেয়ে বড় বিস্ময়—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবার দেশি কোচ ছাড়াই বিশ্বকাপে খেলবে। সেলেসাওদের দায়িত্বে থাকবেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। এছাড়া ইতালির আরও দুই কোচ ফ্যাবিও ক্যানাভারো ও ভিনসেঞ্জো মন্তেলাও বিশ্বকাপ মঞ্চে থাকবেন।

জার্মান কোচদের মধ্যে রয়েছেন ইউলিয়ান নাগলসম্যান, টমাস টুখেল এবং রালফ রাংনিক।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ২২টি দল নিজেদের দেশীয় কোচের অধীনে খেলবে। তবে আন্তর্জাতিক ফুটবলের কৌশল, পরিকল্পনা ও আধুনিক ট্যাকটিকসে আর্জেন্টাইন কোচদের ক্রমবর্ধমান প্রভাব এবারের বিশ্বমঞ্চে বিশেষভাবে আলোচিত হতে যাচ্ছে।