জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন- তরুণদের প্রতি জাইমা রহমানের বার্তা

আন্তর্জাতিক হাফ ম্যারাথনের মঞ্চে স্বাস্থ্য সচেতনতার আহ্বান
টুইট ডেস্ক: তারুণ্যকে সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করতে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন Zaima Rahman। তিনি বলেছেন, “জীবনকে ভালোবাসুন, ফিট থাকুন”— আর এ বার্তার মধ্য দিয়েই স্বাস্থ্যসচেতন সমাজ গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে আয়োজিত আন্তর্জাতিক হাফ ম্যারাথনের ‘ওয়ান রান’ সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জাইমা রহমান বলেন, বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রামের মতো পর্যটনসমৃদ্ধ এলাকায় এ ধরনের আন্তর্জাতিক আয়োজন মানুষকে স্বাস্থ্য সচেতন হতে এবং নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি মনে করেন, শুধু প্রতিযোগিতা নয়, এমন আয়োজন সুস্থ জীবনযাপন ও ইতিবাচক মানসিকতার বার্তাও ছড়িয়ে দেয়। বিশেষ করে তরুণদের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চার সংস্কৃতি গড়ে তুলতে এসব উদ্যোগ কার্যকর হতে পারে।
অনুষ্ঠানে ভবিষ্যতে নিজেও এমন আন্তর্জাতিক মানের ম্যারাথনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। সবার সঙ্গে ট্র্যাকে নেমে দৌড়ানোর ইচ্ছার কথাও জানান।
বিশ্লেষকদের মতে, স্বাস্থ্যসচেতনতা ও সক্রিয় জীবনধারা নিয়ে পরিচিত ব্যক্তিদের এমন বার্তা তরুণ সমাজের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।






