রামিসা হত্যায় দ্রুত বিচার দাবিতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ

কামরাঙ্গীরচরে সমাবেশে কঠোর বক্তব্য, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
রাজধানীর কামরাঙ্গীরচরে শিশু রামিসা হত্যা ও ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। দলটির আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, দেশজুড়ে আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শুক্রবার বাদ জুমা ‘শিশু রামিসার ধর্ষক ও খুনি সোহেল রানার দ্রুত বিচারের দাবিতে’ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, প্রকাশ্যে সংঘটিত হত্যা ও ধর্ষণের মতো অপরাধে অভিযুক্তদের পক্ষে আইনজীবীদের দাঁড়ানো উচিত নয়। মানবাধিকারের নামে কোনো অপরাধীকে রক্ষার অপচেষ্টা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে কোরআন-সুন্নাহভিত্তিক শাসনব্যবস্থা না থাকায় খুনি, ধর্ষকসহ নানা অপরাধে জড়িতরা বারবার পার পেয়ে যাচ্ছে। ন্যায়বিচার নিশ্চিত না হলে জনগণের মধ্যে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বাড়তে পারে, যা সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।
সমাবেশে রামিসা হত্যার বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন খেলাফত আন্দোলনের নেতারা। একই সঙ্গে নিহত শিশুর পরিবারের দায়িত্ব নেওয়া এবং দ্রুত বিচারের আশ্বাস দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
সমাবেশে আরও বক্তব্য দেন দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী এবং ছাত্রনেতা শফিকুল ইসলাম শরীফ






