আনসারকে দক্ষ করতে কর্মপরিকল্পনার তাগিদ সরকারের

জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রীর বার্তা-শৃঙ্খলা, নেতৃত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনায় জোর

টুইট ডেস্ক: গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুনির্দিষ্ট ভিশন ও কর্মপরিকল্পনা গ্রহণ করা গেলে আনসার বাহিনীকে আরও দক্ষ, গতিশীল ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

বুধবার (২০ মে) সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আয়োজিত ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা, বাস্তব কার্যক্রম এবং মাঠপর্যায়ের পর্যবেক্ষণকে ভিত্তি করে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করলে বাহিনীর সক্ষমতা আরও বাড়বে।

তিনি বলেন, বিশ্বের যেকোনো সুশৃঙ্খল বাহিনীর মূল ভিত্তি দুটি—‘আদেশের ধারাবাহিকতা’ এবং ‘শৃঙ্খলা’। এই দুটি বিষয়ে সামান্য অবহেলাও একটি বাহিনীর কার্যকারিতা ও জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই বাহিনীর প্রতিটি স্তরে শৃঙ্খলা নিশ্চিত করা জরুরি।

বক্তব্যে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশের সংকটময় পরিস্থিতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন থানা পাহারা, যানবাহন নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আনসার সদস্যরা সামাজিক সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর সেবার ক্ষেত্রেও কার্যকর অবদান রাখছেন।

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে বাহিনীর চারটি মূল কাঠামো-ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, থানা ও উপজেলা আনসার এবং ভিডিপি-টিডিপি-সমন্বিতভাবে দেশের নিরাপত্তা ও তৃণমূলের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে ৪৭টি আনসার ব্যাটালিয়নের মধ্যে ১৬টি পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালন করছে। এছাড়া প্রায় ৫২ হাজার অঙ্গীভূত আনসার সদস্য দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তিত বাস্তবতায় আনসার বাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং বাস্তবভিত্তিক উদ্যোগ এখন সময়ের দাবি।