রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে শুরু ভূমিসেবা মেলা ২০২৬

প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে জনসচেতনতায় বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ভূমিসেবা মেলা–২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন রাজশাহী এবং থানা ভূমি অফিস, বোয়ালিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এছাড়াও অংশ নেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সুধীসমাজ ও শিক্ষক-শিক্ষার্থীরাও র‍্যালিতে অংশ নেন।

আয়োজকরা জানান, ১৯ থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হলো ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও সহজ ও জনবান্ধব করা।

প্রশাসনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মধ্যে ভূমিসেবা বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়াও আরও সহজ করবে।