রাজশাহীতে এনসিপিতে যোগদানের ঢল

বিএনপি, গণঅধিকার, ছাত্রদল-শিবিরসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মীর আনুষ্ঠানিক।

টুইট প্রতিবেদক: রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক অঙ্গনের শতাধিক নেতাকর্মী এবং নাগরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের দলে স্বাগত জানানো হয়।

যোগদান অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, এস এম সাইফ মোস্তাফিজ, নারী শক্তির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) সারজিস আলম।

বক্তারা বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির বাইরে নতুনধারার, জবাবদিহিমূলক ও জনমুখী রাজনীতির প্রত্যাশা থেকেই তরুণ সমাজ ও সচেতন নাগরিকদের মধ্যে এনসিপির প্রতি আগ্রহ বাড়ছে। তারা দাবি করেন, জনগণের অধিকার, সুশাসন এবং অংশগ্রহণভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় দলটি ধারাবাহিকভাবে কাজ করছে।

নবযোগদানকারীদের উদ্দেশে নেতারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে ঐক্যবদ্ধ উদ্যোগের বিকল্প নেই। বিশেষ করে তরুণদের সক্রিয় সম্পৃক্ততাই ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে নতুন সদস্যদের নিয়ে পরিচিতি পর্ব এবং সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।