ডিল ডান’ পোস্ট ঘিরে রাজনৈতিক আলোচনা

জামায়াত আমিরের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

টুইট প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে ছবিটি প্রকাশ করে তিনি সংক্ষিপ্ত ক্যাপশনে লেখেন, “ডিল ডান”।

পাটওয়ারীর এই পোস্ট রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। বিশেষ করে চলমান রাজনৈতিক মেরুকরণ ও বিরোধী দলগুলোর পারস্পরিক সম্পর্কের প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এদিকে একই দিনে রাজশাহীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বিএনপির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “দলের নাম আগে ছিল জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল।”

দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের সাধারণ মানুষকেও এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সক্রিয় হতে হবে। তার ভাষ্য, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাটওয়ারীর ‘ডিল ডান’ মন্তব্য কেবল ব্যক্তিগত সৌজন্য নাকি বৃহত্তর কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত সেটি এখনো স্পষ্ট নয়।

তবে সামাজিক মাধ্যমে পোস্টটি ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।