ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও দুই বছর

জ্বালানি সংকট, ঋণের চাপ ও স্বাস্থ্যখাতের দুর্নীতির কথা তুলে ধরলেন অর্থমন্ত্রী।

টুইট প্রতিবেদক: চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সরকারগুলোর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরও অন্তত দুই বছর সময় লাগবে। শনিবার সকালে নগরীর আগ্রাবাদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হয়েছে। এর প্রভাবে শুধু জ্বালানি খাতেই আগামী অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ খাত ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে গত দুই মাসে আরও প্রায় ৫০ হাজার কোটি টাকা ব্যয় করতে হয়েছে। ফলে জাতীয় অর্থনীতি এখনো চাপের মধ্যে রয়েছে।

তিনি অভিযোগ করেন, আগের সরকারগুলোর সময়ে স্বাস্থ্যখাতের বরাদ্দের বড় অংশই লুটপাটের মাধ্যমে অপচয় হয়েছে। বর্তমান সরকার শুধু বরাদ্দ দিলেই দায়িত্ব শেষ মনে করছে না; বরং সেই অর্থ যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করা হবে।

স্বাস্থ্যখাত ও চিকিৎসা শিক্ষার প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, অতীতে মেডিকেল কলেজগুলোতে সরকারি হস্তক্ষেপের কারণে পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার কোনো প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ করবে না। কারণ চিকিৎসা শিক্ষার মান নষ্ট হলে তার নেতিবাচক প্রভাব পুরো রাষ্ট্রের ওপর পড়ে।

অনুষ্ঠানে হাসপাতালের নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা অবকাঠামো সম্প্রসারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।