বেড়িবাঁধ সংস্কারে কুমিল্লায় মানববন্ধন

গোমতী নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর।

টুইট প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

শুক্রবার বিকেলে উপজেলার বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন। কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসী ঝুঁকিপূর্ণ বাঁধের স্থায়ী সংস্কার, নদীভাঙন প্রতিরোধ এবং বন্যা মোকাবিলায় টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান এবং বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, গোমতী নদীর উত্তর তীরবর্তী বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর এলাকার বেড়িবাঁধ বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতি বর্ষা মৌসুমে বন্যার আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল।

তাদের অভিযোগ, ওই বন্যায় হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও খামার মারাত্মক ক্ষতির মুখে পড়লেও এখনো স্থায়ী সংস্কারকাজ শুরু হয়নি। এতে নতুন করে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

মানববন্ধন থেকে বক্তারা পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।