কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে খেলতে শ্রীলঙ্কা যাচ্ছেন কিশোর দাবাড়ু সাকলাইন

টুইট ডেস্ক: বাংলাদেশের উদীয়মান কিশোর দাবাড়ু সাকলাইন মোস্তফা সাজিদ আগামী কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অংশ নিতে শ্রীলঙ্কা যাচ্ছেন। আগামী ১৭ মে থেকে ২৫ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক আসরে ওপেন ও ইয়ুথ বিভাগ মিলিয়ে মোট ১৬ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
১৫ বছর বয়সী সাকলাইনের বর্তমান আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (FIDE) রেটিং ২৩১৬ এবং তার FIDE ID: 10244654। অল্প বয়সেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি নিজেকে বাংলাদেশের সম্ভাবনাময় দাবাড়ু হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এর আগে ২০২৫ সালের ন্যাশনাল ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৮ ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হন সাকলাইন। এছাড়া ২০২৪ সালের ৭ম ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৪ ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিদে মাস্টার (FM) খেতাব অর্জন করেন তিনি।
এরও আগে ২০২৩ সালে শেখ রাসেল ৪১তম জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-২০ ওপেন দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন এই তরুণ দাবাড়ু।
আসন্ন কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সাকলাইনের অংশগ্রহণে পৃষ্ঠপোষকতা করছে দ্য রয়্যাল ইউটিলাইজেশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ১৯৭৬ সাল থেকে প্রতিষ্ঠানটি তেল, গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রতিযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করে সংশ্লিষ্টরা বলেন, সাকলাইন তার মেধা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের জন্য নতুন সাফল্য বয়ে আনবেন এবং বিশ্ব দাবা অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করবেন।
এদিকে সাকলাইন মোস্তফা সাজিদ বলেন, “আমি এই প্রতিযোগিতায় ভালো ফল করার পাশাপাশি নিজের আন্তর্জাতিক র্যাংকিং আরও উন্নত করতে চাই।”






