মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী

মালয়েশিয়া সফরের ফাঁকে বিএনপি নেতার শারীরিক অবস্থার খোঁজ নিলেন জামায়াতের এমপি।
টুইট ডেস্ক: মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস–কে দেখতে গেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। বৃহস্পতিবার মালয়েশিয়ায় হাসপাতালে গিয়ে তিনি বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুস্থতা ও নেক হায়াত কামনা করে দোয়া করেন।
নিজের ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী জানান, পাঁচ দিনের একটি ব্যবসায়িক সফরে বুধবার রাতে তিনি মালয়েশিয়ায় পৌঁছান। সফরের ফাঁকেই হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পোস্টে তিনি উল্লেখ করেন, “আলহামদুলিল্লাহ, তিনি আগের তুলনায় অনেক সুস্থ আছেন।” এছাড়া গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মাসুদ সাঈদী আরও বলেন, মির্জা আব্বাস শুধু রাজনৈতিকভাবে পরিচিত নন, পারিবারিকভাবেও তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ছোটবেলা থেকেই তাকে চেনেন উল্লেখ করে তিনি বলেন, এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার আগ থেকেই তাদের পারিবারিক যোগাযোগ ছিল এবং মির্জা আব্বাস তাকে অত্যন্ত স্নেহ করেন।
রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ধারার দুই দলের নেতার এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের যে ইঙ্গিত দেখা যাচ্ছে, এই সাক্ষাৎকে তারই অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।






