‘৮০০ কোটি টাকা থাকলে এখন সবচেয়ে বেশি কাজে লাগত’

সম্পদের গুঞ্জন উড়িয়ে দিলেন সাকিব, বললেন-অ্যাকাউন্ট ফ্রিজ থাকায় তিনিও ভোগান্তিতে

টুইট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি সাকিব আল হাসান। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন, ব্যবসা এবং আর্থিক বিষয় নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার নিজের সম্পদের পরিমাণ নিয়ে ছড়িয়ে পড়া তথ্যকে সরাসরি ‘মিথ্যা’ বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

একটি পডকাস্টে কথা বলতে গিয়ে সাকিব বলেন, ইন্টারনেটে তার ৮০০ কোটি টাকার সম্পদের তথ্য দেখে তিনিও বিস্মিত হয়েছেন। তার ভাষায়, যদি সত্যিই এমন সম্পদ থাকত, তাহলে এই মুহূর্তে সেটিই তার সবচেয়ে বেশি উপকারে আসত।

সাকিব জানান, গত প্রায় দেড় থেকে দুই বছর ধরে তার ব্যাংক হিসাব স্থগিত অবস্থায় রয়েছে। ফলে ব্যবসা পরিচালনা এবং আর্থিক কার্যক্রমে জটিলতার মুখে পড়েছেন তিনি।

তার কথায়, “এই সম্পদটা কোথায় আছে, সেটাই আমি দেখতে চাই। কারণ আমার অ্যাকাউন্টই তো অনেক দিন ধরে ফ্রিজ।”

সাকিব আল হাসান আরও বলেন, ব্যবসা সংক্রান্ত যেসব অভিযোগে তার নাম এসেছে, অনেক ক্ষেত্রে তিনি নিজেও ক্ষতিগ্রস্ত পক্ষ। তদন্ত সংস্থাকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

আর্থিক চাপের পাশাপাশি সামাজিক চাপও অনুভব করছেন বলে মন্তব্য করেন এই অলরাউন্ডার। তার মতে, পরিচিত মুখ হওয়ার কারণে অনেক ঘটনায় এককভাবে তাকেই দায়ী করা হয়।

ব্যবসা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সাকিব জানান, মানুষের ধারণার মতো অসংখ্য ব্যবসার সঙ্গে তিনি জড়িত নন। তার সম্পৃক্ততা সীমিত কয়েকটি উদ্যোগে। এর মধ্যে ছিল রেস্টুরেন্ট, শেয়ারবাজার সংশ্লিষ্ট উদ্যোগ এবং কাঁকড়া খামার।

তিনি বলেন, কাঁকড়ার ব্যবসাটি চালু রাখা গেলে ঋণ পরিশোধে তেমন সমস্যা হতো না। তবে ব্যাংক হিসাব স্থগিত থাকায় ব্যবসা পরিচালনায় বড় বাধা তৈরি হয়েছে।

সাকিবের সাম্প্রতিক এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে তার সম্পদের প্রকৃত পরিমাণ, ব্যবসায়িক বাস্তবতা এবং চলমান আর্থিক জটিলতা নিয়ে নানা প্রশ্নও সামনে আসছে।