হামে আক্রান্ত নূর নাহারের পাশে ডা. জুবাইদা রহমান

অসুস্থ শিশুর চিকিৎসায় সহায়তার উদ্যোগ, পাশে থাকার আশ্বাস ‘আমরা বিএনপি পরিবারের।’
টুইট প্রতিবেদক: রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন হামে আক্রান্ত ৬ মাস বয়সী শিশু নূর নাহারের পাশে দাঁড়িয়েছেন ডা. জুবাইদা রহমান।
গুরুতর অসুস্থ শিশুটির চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত “হামে ৬ মাসের শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে টাকা নেই” শীর্ষক সংবাদ ডা. জুবাইদা রহমানের নজরে এলে তিনি দ্রুত শিশুটির চিকিৎসা ও পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয় আমরা বিএনপি পরিবার-কে।
এর ধারাবাহিকতায় বুধবার বিকেল সাড়ে ৫টায় মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশুটির মা স্বর্ণা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করে।
প্রতিনিধি দলটি নূর নাহারের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেয় এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, ড্যাব কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আব্দুল্লাহ আল মিসবাহ ও মশিউর রহমান মহানসহ অন্যরা।
জানা গেছে, কেরানীগঞ্জ-এর বাসিন্দা স্বর্ণা আক্তারের কন্যা নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
দীর্ঘদিন ধরে জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৬ মাস বয়সী একটি শিশুর স্বাভাবিক ওজন ৭ থেকে ৯ কেজির মধ্যে থাকার কথা। তবে অপুষ্টি ও দীর্ঘ অসুস্থতায় নূর নাহারের বর্তমান ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে।
অর্থনৈতিক সংকট ও পারিবারিক অবহেলার মধ্যেও একাই সন্তানের চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছেন মা স্বর্ণা আক্তার। অর্থাভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরে আসতে বাধ্য হওয়ার পর মানবেতর জীবনযাপন করছিলেন মা ও শিশু।
শেষ পর্যন্ত ডা. জুবাইদা রহমানের উদ্যোগে তাদের সহায়তায় এগিয়ে আসে ‘আমরা বিএনপি পরিবার’।






