সংগ্রামী পথের অবিচল সৈনিক ড. ওবায়েদুল্লাহ

মৃত্যুবার্ষিকীর আলোচনায় স্মৃতিচারণ, শ্রদ্ধা ও দোয়া।
টুইট প্রতিবেদক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রবল রাজনৈতিক বৈরিতা ও প্রতিকূল পরিবেশের মধ্যেও ড. আ জ ম ওবায়েদুল্লাহ সত্য ও আদর্শের পথ থেকে কখনো বিচ্যুত হননি। সাংস্কৃতিক ও গবেষণা অঙ্গনে নিরলস কাজ করেও তিনি আন্দোলনের সংগ্রামী চেতনা অটুট রেখেছিলেন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবেএ আয়োজিত ড. ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিন এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে দেশীয় সাংস্কৃতিক সংসদ।
সভায় গোলাম পরওয়ার বলেন, ড. ওবায়েদুল্লাহ ছিলেন অকুতোভয় ও আদর্শনিষ্ঠ একজন মুমিন। তাঁর মৃত্যু সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে এক ধরনের শূন্যতা তৈরি করেছে। তিনি বলেন, শিশু সংগঠন পরিচালনা, শিশুতোষ সাহিত্য রচনা, ছাত্র নেতৃত্ব, শিক্ষাবিদ হিসেবে দায়িত্ব পালন এবং দেশ-বিদেশের বিভিন্ন সভা-সেমিনারে সক্রিয় অংশগ্রহণ সব ক্ষেত্রেই ড. ওবায়েদুল্লাহ অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, বড় বড় গ্রন্থ, গবেষণা নিবন্ধ ও সাময়িকীতে ড. ওবায়েদুল্লাহর বহু লেখা প্রকাশিত হয়েছে।
একজন শিক্ষক, গবেষক ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি যে নিষ্ঠা ও ধৈর্যের পরিচয় দিয়েছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
এতে সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।





