‘ক্ষমতা এখনো জনগণের হাতে নয়’ , ফরহাদ মজহার

শাপলা হত্যাকাণ্ডের বিচার দাবি, বিদেশি প্রভাব ও রাজনৈতিক সংকট নিয়ে উদ্বেগ।

টুইট প্রতিবেদক: কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার বলেছেন, গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক কাঠামোকে পরাজিত করা গেলেও প্রকৃত রাষ্ট্রীয় ক্ষমতা এখনো জনগণের হাতে আসেনি। তার দাবি, যুক্তরাষ্ট্র বাংলাদেশে ‘রেজিম পরিবর্তন’ ঘটিয়েছে এবং বর্তমান ক্ষমতার নিয়ন্ত্রণও তাদের হাতেই রয়েছে।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ভবনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি, যা রাষ্ট্রীয় বিচারহীনতার বড় উদাহরণ। তিনি অভিযোগ করেন, “হাসিনাহীন হাসিনা ব্যবস্থা” এখনো বহাল রয়েছে এবং রাজনৈতিক কাঠামোর মৌলিক পরিবর্তন সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, দেশের সামনে বড় ধরনের রাজনৈতিক ও আদর্শিক সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে বাইরের “হিন্দুত্ববাদী প্রভাব” মোকাবিলায় বিপ্লবী চেতনায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় ড. আতিক মুজাহিদ বলেন, শাপলা চত্বরের আন্দোলন ছিল সাংস্কৃতিক ও আদর্শিক লড়াইয়ের অংশ। এই অঞ্চলের মানুষের সেই সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, শাপলা হত্যাকাণ্ড ছিল নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর ওপর লক্ষ্যভিত্তিক হামলা। নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়ার দাবি জানান তিনি।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, এ ঘটনায় সুনির্দিষ্ট ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের ও বিচার নিশ্চিত করা জরুরি। অন্যথায় বহু বছর পরও বিচার দাবির আন্দোলন চলতে থাকবে।

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদী–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন মাওলানা আহমদ আলী কাসেমী, মুসা আল হাফিজ, সারজিস আলম এবং মাওলানা সানাউল্লাহ