ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ অবস্থায় রয়েছে

টুইট ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থায় পৌঁছেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, বর্তমান যুদ্ধবিরতি টিকে আছে খুবই দুর্বল অবস্থায় এবং যেকোনো সময় পরিস্থিতি ভেঙে পড়তে পারে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে আবারও সামরিক নিরাপত্তা বা এসকর্ট ব্যবস্থা চালুর বিষয়টি তিনি বিবেচনা করছেন। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ট্রাম্প দাবি করেন, গত সপ্তাহে ইরানের প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রত্যাশার বিপরীত ছিল, যা এই যুদ্ধবিরতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। তার ভাষায়, ইরানের দেওয়া শর্তগুলো গ্রহণযোগ্য নয় এবং এগুলো পরিস্থিতিকে আরও জটিল করেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র “পূর্ণ বিজয়” অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে এবং কোনো ধরনের চাপের মুখে পিছু হটার পরিকল্পনা নেই। একই সঙ্গে ইরানকে কঠোর ভাষায় সতর্ক করে ট্রাম্প বলেন, সংঘাত হলে তা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হবে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।