মুসলিম নির্যাতন বন্ধে ভারতকে কড়া হুঁশিয়ারি হেফাজতের

পশ্চিমবঙ্গে সহিংসতার ঘটনায় উদ্বেগ, চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা।
টুইট প্রতিবেদক: পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মুসলমানদের ওপর হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, দ্রুত সময়ের মধ্যে মুসলিম নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা হুমকির মুখে পড়তে পারে।
সোমবার হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মুফতি মোহাম্মদ আলী কাসেমী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলাম।
হেফাজত আমির বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও সহিংসতার খবর বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে উঠে এসেছে। এসব ঘটনায় উগ্রপন্থী বিজেপি সমর্থকদের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী–এর বক্তব্য মুসলিমবিরোধী মনোভাবকে উসকে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশ থেকে বাংলাদেশ সরকারের প্রতি আনুষ্ঠানিক নিন্দা জানানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি কূটনৈতিকভাবে কার্যকর উদ্যোগ নিয়ে ভারতে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের প্রতি দাবি জানানো হয়।
হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে আগামী জুমাবার চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচিও ঘোষণা করেছে হেফাজতে ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মো. ঈসা, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা জমির উদ্দিন, মোরশেদ আলম, আবু তাহের রাজিব, রাশেদ আলম ও মাওলানা আসাদুল্লাহসহ স্থানীয় নেতারা।






