দাসপুকুর রেললাইনে প্রকাশ্যে মাদকের হাট

ইয়াবা-গাঁজার বেচাকেনায় আতঙ্কে স্থানীয়রা, বাড়ছে অপরাধের আশঙ্কা

টুইট ডেস্ক: রাজশাহী মহানগরীর দাসপুকুর রেললাইন সংলগ্ন আইডি বাগানপাড়া এলাকায় প্রকাশ্যে জমে উঠেছে মাদকের হাট। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে অবাধে ইয়াবা, গাঁজা ও ট্যাপান্টাডলসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা চলছে। ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়লেও কার্যকর পদক্ষেপের অভাবে বাড়ছে জনমনে উদ্বেগ ও ক্ষোভ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ওই এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। বিশেষ করে রেললাইনসংলগ্ন নির্জন স্থানগুলোকে কেন্দ্র করে নিয়মিত বসছে মাদকের আসর। শুধু স্থানীয় নয়, দূর-দূরান্ত থেকেও মাদকসেবীরা সেখানে এসে জড়ো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, মাদক কারবারিদের দৌরাত্ম্যে দিন দিন অবনতি ঘটছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। চুরি, ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও সামাজিক অস্থিরতা উদ্বেগজনক হারে বাড়ছে। সন্ধ্যার পর নারী ও শিক্ষার্থীদের চলাচলও অনিরাপদ হয়ে পড়েছে বলে জানান তারা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের নিয়ে চরম আতঙ্কে আছি। প্রকাশ্যে মাদক বিক্রি হলেও রহস্যজনক কারণে কেউ কিছু বলছে না। মাঝে মধ্যে অভিযান হলেও তা স্থায়ী কোনো সমাধান আনতে পারছে না।”

স্থানীয় সচেতন মহল দ্রুত ওই এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং স্থায়ী নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে পুরো এলাকার তরুণ সমাজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে।

মাদকবিরোধী কর্মীরা বলছেন, নগরীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া মাদক বাণিজ্য নিয়ন্ত্রণে শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, প্রয়োজন ধারাবাহিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বক্তব্য পাওয়া না গেলেও স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে দাসপুকুর রেললাইন এলাকার মাদক বাণিজ্য বন্ধে দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করবে।