লিভারপুল-চেলসি ড্র, হোঁচট খেল ইউনাইটেড

অ্যানফিল্ডে জমজমাট লড়াইয়ে সমতা, সান্ডারল্যান্ডের মাঠে গোলশূন্য ম্যানইউ।
টুইট প্রতিবেদক: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা লড়াই ও শীর্ষ চারের প্রতিযোগিতা আরও জমে উঠেছে। অ্যানফিল্ডে হাইভোল্টেজ ম্যাচে সমানে সমান লড়াই করে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল ও চেলসি। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার পরের ম্যাচেই হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সান্ডারল্যান্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে মাইকেল ক্যারিকের দল।
শনিবার রাতের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল। ম্যাচের শুরুতেই দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন রায়ান খ্রাফেনবের্খ। গোলের পর অ্যানফিল্ডে আধিপত্য ধরে রাখার চেষ্টা করলেও ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে চেলসি।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে এনজো ফার্নান্দেস সমতাসূচক গোল করলে ম্যাচে নতুন উত্তেজনা তৈরি হয়। এরপর দুই দলই কয়েকটি আক্রমণ সাজালেও শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে লিভারপুল অন্তত দুটি সহজ সুযোগ নষ্ট করায় পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত হয় স্বাগতিকরা।
চেলসির বিপক্ষে লিগে টানা তিন ম্যাচে জয়হীন থাকল লিভারপুল। চলতি মৌসুমের প্রথম দেখায় চেলসির মাঠে ২-১ গোলে হেরেছিল অলরেডরা। এর আগে গত মৌসুমেও একই প্রতিপক্ষের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছিল তারা।
এদিকে সান্ডারল্যান্ডের মাঠে নিজেদের ছন্দ খুঁজেই পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। গত সপ্তাহে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা দলটিকে এদিন ছিল অনেকটাই নিষ্প্রভ। পুরো ম্যাচে আক্রমণভাগে ধারহীন ফুটবল খেলেছে ইউনাইটেড।
সান্ডারল্যান্ডও রক্ষণে সংগঠিত ফুটবল খেলে ইউনাইটেডকে আটকে রাখে। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
৩৬ ম্যাচ শেষে ১৮ জয় ও ১১ ড্রয়ে ইউনাইটেডের সংগ্রহ এখন ৬৫ পয়েন্ট। লিগ টেবিলের তৃতীয় স্থান ধরে রাখলেও শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারিয়েছে তারা।






