বিশ্বকাপে নেইমারকে চান মেসি

বন্ধুর পাশে আর্জেন্টাইন মহাতারকা, ব্রাজিল দলে নেইমারকে দেখতে মুখিয়ে মেসি।

টুইট প্রতিবেদক: বিশ্বকাপের মঞ্চে আবারও নেইমারকে দেখতে চান লিওনেল মেসি। ব্রাজিলিয়ান তারকার সাম্প্রতিক চোট, ফর্মহীনতা কিংবা জাতীয় দলে অনিশ্চিত অবস্থান—কোনোটিই মেসির বিশ্বাস নড়াতে পারেনি। বরং দীর্ঘদিনের সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুর প্রতি নিজের আবেগ খোলামেলাভাবে প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে মেসি বলেন, বিশ্বকাপে সব সময় সেরা খেলোয়াড়দের উপস্থিতি ফুটবলের জন্য ইতিবাচক। তাঁর মতে, নেইমার পুরোপুরি ফিট থাকুক বা না থাকুক, তিনি এখনো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।

মেসি স্পষ্ট করেই জানান, নেইমারের বিষয়ে তিনি “নিরপেক্ষ” নন। কারণ, ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে তিনি চান ব্রাজিলিয়ান তারকাকে আবারও বিশ্বকাপের আলোয় দেখতে। বার্সেলোনা ও পরে পিএসজিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলার সুবাদে দুজনের বন্ধুত্ব ফুটবল বিশ্বে বহুল আলোচিত।

মেসির ভাষায়, “নেইমার শুধু বড় মাপের ফুটবলারই নয়, মানুষ হিসেবেও অসাধারণ। বিশ্বকাপের মতো আসরে তাকে দেখতে পারাটা ফুটবলের জন্যও দারুণ ব্যাপার হবে।”

২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। হাঁটুর গুরুতর চোটে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে স্বদেশি ক্লাব সান্তোসে নিজের ছন্দ ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

এদিকে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর এখনো নেইমারকে দলে ফেরাননি কোচ কার্লো আনচেলত্তি। তবে সাম্প্রতিক মন্তব্যে ইতালিয়ান এই কোচ ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি সুস্থ হলে নেইমারের জন্য জাতীয় দলের দরজা বন্ধ নয়।

বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপের আগে নেইমারের ফিটনেস ও ধারাবাহিক পারফরম্যান্সই হবে সবচেয়ে বড় পরীক্ষা। তবে মেসির প্রকাশ্য সমর্থন প্রমাণ করে, বিশ্ব ফুটবলের বড় তারকারা এখনো নেইমারের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখেন।