বাবরবিহীন পাকিস্তান, মিরপুর টেস্টে স্বস্তিতে বাংলাদেশ

হাঁটুর চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর আজম, দ্বিতীয় ম্যাচ নিয়েও শঙ্কা।

টুইট প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার বাবর আজম বাঁ হাঁটুর চোটে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির এক বিবৃতিতে জানানো হয়েছে, বাঁ হাঁটুর চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না বাবর আজম। বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বোর্ডের চিকিৎসক দল। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে পিসিবির বক্তব্যেই স্পষ্ট, শুধু প্রথম টেস্ট নয়—সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাবরের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে পুরো সিরিজেই তাকে না পাওয়ার শঙ্কায় পড়েছে পাকিস্তান শিবির।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন বাবর। পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে দলকে শিরোপা জেতানোর পাশাপাশি ৫৮৮ রান করে হয়েছেন আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক। দুইটি শতকও এসেছে তার ব্যাট থেকে। সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক রান করলেও টেস্টে অবশ্য দীর্ঘদিন ধরে শতকের দেখা পাচ্ছেন না তিনি। সর্বশেষ টেস্ট ইনিংসে অর্ধশতক পেলেও টেস্ট শতকের অপেক্ষা এখন ৩০ ইনিংসের।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে বাবরকে ঘিরেই পাকিস্তানের ব্যাটিং পরিকল্পনা সাজানো হয়েছিল। তার অনুপস্থিতিতে মিডল অর্ডারে বাড়তি চাপ তৈরি হবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা। বিশেষ করে মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে অভিজ্ঞ ব্যাটারের অভাব পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

অন্যদিকে বাবরের অনুপস্থিতি বাংলাদেশের জন্য স্বস্তির খবর হিসেবেই দেখা হচ্ছে। ঘরের মাঠে টাইগারদের স্পিন আক্রমণের বিপক্ষে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ কতটা টিকে থাকতে পারে, এখন সেটিই বড় প্রশ্ন।