রাজশাহীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্য গ্রেপ্তার

গোয়েন্দা অভিযানে উদ্ধার একটি মোটরসাইকেল, একাধিক মামলার তথ্য পুলিশের

টুইট ডেস্ক: রাজশাহী মহানগরীতে সক্রিয় চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে মোটরসাইকেল চুরি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ অভিযানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজপাড়া থানার বুলনপুর গ্রামের আরিফুল ইসলাম ইমনের ছেলে মো. বাধন হোসেন সৌরভ (২১), বর্তমানে লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় বসবাসরত এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো. পলাশ (২৪)। উভয়েই রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে প্রায় পৌনে ৩টার দিকে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের বাজাজ ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা প্রাথমিকভাবে চোরাই বলে নিশ্চিত হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।

পুলিশ আরও জানায়, সৌরভের বিরুদ্ধে রাজশাহী মহানগর এলাকায় দুটি এবং নাটোর সদর ও গোদাগাড়ী থানায় একটি করে মোট চারটি মামলা চলমান রয়েছে। অন্যদিকে পলাশের বিরুদ্ধে নাটোর সদর, গোদাগাড়ী, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় পৃথক চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ ধরনের অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।