কালবৈশাখীতে বিধ্বস্ত ঘর, পাশে প্রশাসন

তারাগঞ্জে অসহায় বৃদ্ধ দম্পতিকে টিন ও আর্থিক সহায়তা প্রদান

টুইট ডেস্ক:রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর এলাকার ডাঙ্গাপাড়া গ্রামে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এক অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

গত সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ে মো. আয়ুব আলি (৬৫) ও তার স্ত্রী মোছা. আবেদা বেগমের (৫৯) বসতঘরের টিনের ছাদ উড়ে যায়। এতে তারা খোলা আকাশের নিচে পড়ে চরম দুর্ভোগে পড়েন এবং রাতভর বৃষ্টিতে ভিজেই সময় কাটাতে বাধ্য হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আয়ুব আলির কোনো আবাদযোগ্য জমি নেই। মাত্র দুই শতক জমির ওপর নির্মিত একটি ছোট ঘরই ছিল তাদের একমাত্র আশ্রয়স্থল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বড় ছেলে আদম আলি তিন বছর আগে ঢাকায় শ্রমিকের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে পরিবারটি চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করে আসছে। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বর্তমানে সংসারে উপার্জনের মতো কেউ নেই।

এদিকে ঘটনাটি নিয়ে টুইট নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে তিনি ক্ষতিগ্রস্ত দম্পতিকে ডেকে পাঠিয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে ২ বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে প্রশাসনের এমন ভূমিকা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।