সাতক্ষীরা সীমান্তে মাদকের বড় চালান জব্দ

বিজিবির একাধিক অভিযানে উদ্ধার প্রায় ৬ কোটি টাকার ‘আইস’; চোরাচালান দমনে নজরদারি জোরদার।
সাতক্ষীরা সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ‘ক্রিস্টাল মেথ আইস’সহ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।শুক্রবার (১ মে) সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, মাদরা, বৈকারী ও কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
সীমান্তের বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, বৈকারী বিওপির একটি দল সীমান্ত পিলার ৭/৫৬-এস সংলগ্ন কালিয়ানী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ ‘আইস’ জব্দ করে।
একইভাবে কালিয়ানী বিওপির আরেকটি দল পিলার ৭/৬৫-এস সংলগ্ন নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে আরও ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের একই ধরনের মাদক উদ্ধার করে।এদিকে কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক অভিযানে সীমান্ত পিলার ১৩/৩-এস সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করা হয়।
পাশাপাশি মাদরা বিওপির একটি বিশেষ দল উত্তর ভাদিয়ালী এলাকা থেকে আরও প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করে।সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাদমান সাকিব জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
সীমান্তে ধারাবাহিক অভিযানে বড় ধরনের মাদক চালান জব্দ হওয়ায় সংশ্লিষ্ট মহল মনে করছে, এ অঞ্চলে মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে।
তবে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার তৎপরতায় এসব চক্রের বিরুদ্ধে চাপ বাড়ছে।






