সাভারে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

চার ইউনিটের চেষ্টায় ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে আটটি জেনারেটরসহ মালামাল
টুইট প্রতিবেদক: ঢাকার সাভারের হেমায়েতপুরে মাদানী সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মার্কেটটিতে আগুন লাগে। খবর পেয়ে ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ট্যানারি ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শামীম মিয়া জানান, চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় কয়েকটি জেনারেটরে বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুনে আটটি জেনারেটরসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।






