মাহিগঞ্জে অটোরিকশায় ছিনতাই, দ্রুত অভিযানে গ্রেপ্তার ২

নারী যাত্রীর স্বর্ণালংকার উদ্ধার; চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত।
টুইট প্রতিবেদক: রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকায় অটোরিকশায় যাত্রীবেশে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া স্বর্ণালংকার অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর প্রায় আড়াইটার দিকে মাহিগঞ্জ এলাকায় একটি অটোরিকশায় আগে থেকেই অবস্থান নেয় তিন ছিনতাইকারী।
এক পর্যায়ে একা থাকা এক নারী যাত্রীকে লক্ষ্য করে তারা ভয়ভীতি প্রদর্শন করে তার হাত থেকে একজোড়া স্বর্ণের বালা ও কানের দুল ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীকে মহিন্দ্রা এলাকায় নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মাহিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করে। প্রথমে সাতমাথা এলাকা থেকে মো. শাহীন আলম (৩৮) নামের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় কোতোয়ালী থানার ধাপ এলাকা থেকে মো. আপেল মিয়া (৩২)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকার সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মাহিগঞ্জ মেট্রোপলিটন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে, দ্রুত সময়ে আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে নগরীতে ছিনতাই প্রতিরোধে টহল ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।






