তারাগঞ্জে পেট্রোল পাচারকালে যুবক আটক

৪০০ লিটার জ্বালানি উদ্ধার, অটোরিকশা জব্দ; জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন

টুইট ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবৈধভাবে পেট্রোল পাচারের সময় এক যুবককে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৪০০ লিটার পেট্রোল উদ্ধার এবং পাচারের কাজে ব্যবহৃত একটি চার্জারচালিত অটোরিকশা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে তারাগঞ্জ বাজার এলাকায় সন্দেহজনকভাবে চলাচলরত একটি অটোরিকশা স্থানীয়দের নজরে আসে। পরে সেটি থামিয়ে তল্লাশি চালালে পলিথিন দিয়ে ঢেকে রাখা দুটি ড্রামের ভেতর থেকে বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত পেট্রোল পার্বতীপুর উপজেলা থেকে তারাগঞ্জ হয়ে কিশোরগঞ্জ উপজেলায় নেওয়া হচ্ছিল। আটক অটোচালক জানান, কিশোরগঞ্জ উপজেলার সাজু মিয়া নামের এক ব্যবসায়ী প্রতি লিটার ২৩৫ টাকা দরে পেট্রোল কিনে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত পেট্রোল ও অটোরিকশাটি জব্দ করেন।

ইউএনও মো. মোনাব্বর হোসেন বলেন, “অবৈধভাবে পেট্রোল পরিবহন ও বিক্রি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দণ্ডনীয় অপরাধ। উদ্ধারকৃত জ্বালানি ও যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

প্রশাসন জানিয়েছে, অবৈধ জ্বালানি পরিবহন ও মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।