রাজধানী সবুজায়নে বড় পরিকল্পনা

৫ বছরে ৫ লাখ গাছ, জিরো বর্জ্যের পথে ঢাকা,সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা।
টুইট ডেস্ক: রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, নগর ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিটি করপোরেশনগুলো ইতোমধ্যে পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আগামী পাঁচ বছরে অন্তত ৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ হ্রাস এবং বসবাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, রাজধানীর সব ধরনের বর্জ্যকে পর্যায়ক্রমে পুনর্ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘জিরো বর্জ্য’ ব্যবস্থাপনার আওতায় এনে বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে, যাতে পরিবেশ দূষণ উল্লেখযোগ্যভাবে কমানো যায়।
সংসদে প্রদত্ত বক্তব্যে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, রাজধানীর ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমাতে দেশের অন্যান্য অঞ্চলেও ধাপে ধাপে মৌলিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।
এতে গ্রাম ও শহরের বৈষম্য কমবে এবং ঢাকামুখী জনস্রোতও নিয়ন্ত্রণে আসবে।
বিশ্লেষকরা বলছেন, পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে ঢাকা একটি পরিবেশবান্ধব ও টেকসই নগরীতে পরিণত হতে পারে।
তবে এর সফলতা নির্ভর করবে বাস্তবায়ন কাঠামো, তদারকি এবং জনসম্পৃক্ততার ওপর।






