জাকার্তায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪

ধ্বংসস্তূপ থেকে শেষ যাত্রী উদ্ধারের পর হতাহতের সংখ্যা বাড়ল; আহত ৮৪, তদন্ত শুরু।

টুইট ডেস্ক: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের ভেতর থেকে শেষ ভুক্তভোগীকে উদ্ধারের পর মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে বেকাসি তিমুর স্টেশনে থেমে থাকা একটি কমিউটার ট্রেনের পেছনের নারী-সংরক্ষিত বগিতে দূরপাল্লার একটি ট্রেন সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় বগিগুলো দুমড়ে-মুচড়ে যায়।

রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা পিটি কেরেতা আপি ইন্দোনেশিয়ার প্রধান নির্বাহী ববি রাস্যিদিন জানিয়েছেন, দুর্ঘটনায় আহত ৮৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সিয়াফি জানান, মঙ্গলবার সকাল নাগাদ উদ্ধার অভিযান শেষ হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে নেই বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানিয়েছেন, দূরপাল্লার আর্গো ব্রমো অ্যাংগ্রেক ট্রেনে থাকা ২৪০ যাত্রী নিরাপদ রয়েছেন। তবে কী কারণে এ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও রেল কর্তৃপক্ষ।

জাকার্তা পুলিশের প্রধান আসেপ এডি সুহেরি বলেছেন, দুর্ঘটনার পেছনে মানবিক ভুল নাকি কারিগরি ত্রুটি-সব দিক যাচাই করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় দ্রুত নগরায়ন ও যাত্রীচাপ বাড়ার মধ্যে এই দুর্ঘটনা দেশটির রেল নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। দুর্ঘটনার কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকাতে কার্যকর পদক্ষেপের দাবি উঠছে।