ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

আইন অনুযায়ী মাঠে রয়েছে সেনা মোতায়েন, জঙ্গিবাদকে ‘রাজনৈতিক হাতিয়ার’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী।

টুইট প্রতিবেদক:দেশের বর্তমান আইন ও প্রশাসনিক প্রয়োজনের আলোকে সেনাবাহিনী মাঠপর্যায়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তবে পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে বলেও স্পষ্ট করেছেন তিনি।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের চাহিদা অনুযায়ী আইনগত কাঠামোর মধ্যেই সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং এ ব্যবস্থা স্থায়ী নয়।

সেনাবাহিনী প্রত্যাহারের সময়সূচি নিয়ে সরাসরি কিছু না বললেও স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন, প্রশাসনিক সক্ষমতা ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলেই ধাপে ধাপে তাদের দায়িত্ব কমানো হবে।

জঙ্গিবাদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, দেশে বর্তমানে সংগঠিত জঙ্গি তৎপরতার কোনো উপস্থিতি নেই। বরং অতীতের একটি সরকার জঙ্গিবাদ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রণে।

এদিকে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে ওর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠি সম্পর্কে অবগত নন বলে জানান মন্ত্রী।

তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিশেষ সময়কে কেন্দ্র করে সংবেদনশীল স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তা দেওয়া একটি নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।