টিফিনের ডিমে অসুস্থ শতাধিক শিক্ষার্থী

গোমস্তাপুরে স্কুল ফিডিং নিয়ে আতঙ্ক, খাদ্য নিরাপত্তায় কঠোর নজরদারির নির্দেশ।
টুইট প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির টিফিন খেয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার দুপুরে মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করা হয়, যেখানে ডিম ছিল প্রধান খাদ্য। তবে টিফিন খাওয়ার কিছুক্ষণের মধ্যেই
অনেক শিক্ষার্থীর শরীরে চুলকানি ও অস্বস্তি দেখা দেয়। দ্রুত পরিস্থিতির অবনতি হলে বিষয়টি শিক্ষক ও অভিভাবকদের নজরে আসে এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে আক্রান্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, অধিকাংশ শিক্ষার্থী খাদ্যজনিত অ্যালার্জির লক্ষণে আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শহিদুল ইসলাম জানান, আক্রান্তদের শরীরে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া দেখা দিলেও দ্রুত চিকিৎসা দেওয়ায় বর্তমানে সবাই স্থিতিশীল রয়েছে। তবে খাবারের মান ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক বলেন, ঘটনার পরপরই শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে স্কুল ফিডিং কর্মসূচিতে সরবরাহকৃত খাদ্যের মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি জোরদার করা হবে।
ঘটনাটি স্থানীয় শিক্ষা ব্যবস্থাপনা ও খাদ্য নিরাপত্তা তদারকির প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত মান পরীক্ষা ও তদারকি না বাড়ালে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তির ঝুঁকি থেকেই যাবে।






