ইতিহাস গড়ল নারী হকি দল

প্রথমবার এশিয়ান গেমসে জায়গা, নতুন দিগন্ত বাংলাদেশের ক্রীড়ায়।
টুইট প্রতিবেদক: বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস রচিত হলো। প্রথমবারের মতো এশিয়ান গেমসের হকি আসরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল।
এতদিন আন্তর্জাতিক এই বহুমুখী ক্রীড়া আসরে দেশের প্রতিনিধিত্ব করত শুধু পুরুষ দল, এবার সেই গণ্ডি ভেঙে নারীরাও তুলে ধরল নিজেদের সামর্থ্য।
জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান হকি ফেডারেশনের বাছাই প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ধারাবাহিক পারফরম্যান্সে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি এশিয়ান গেমসের টিকিটও নিশ্চিত হয়।
বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে হংকংয়ের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারে সমতা ফেরানোর পর তৃতীয় কোয়ার্টারে নির্ণায়ক গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় দলটি। এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে নিশ্চিত হয় মূল আসরের অংশগ্রহণ।
এর আগে শক্তিশালী চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র এবং উজবেকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। পুরো টুর্নামেন্টজুড়ে দলটির লড়াকু মানসিকতা ও কৌশলগত পরিপক্বতা নজর কাড়ে।
বিকেএসপি থেকে উঠে আসা খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই অর্জন শুধু একটি সাফল্য নয়,বাংলাদেশের নারী হকির ভবিষ্যৎ সম্ভাবনার বড় দ্বার উন্মোচন।
এশিয়ান গেমসে অভিষেকের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন লক্ষ্য, মূল আসরে প্রতিযোগিতামূলক পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা।






