ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক আটক

ছবি: সংগৃহিত

পঞ্চগড়ে বিক্ষুব্ধ জনতার অবরোধের পর পুলিশি হস্তক্ষেপ, মামলা প্রস্তুতি।

জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হবিবর রহমান (৫৮)কে আটক করেছে পুলিশ।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় বিক্ষুব্ধ জনতা শিক্ষককে বিদ্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে রাখে। প্রায় পাঁচ ঘণ্টা পর বিকেল তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ওই বিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষককে বদলির উদ্যোগ নেওয়া হবে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।