শেষ নিঃশ্বাসে থামলেন মিলন

সাবেক এমপির মৃত্যুতে মানিকগঞ্জে শোক, রাজনৈতিক জীবনের নানা অধ্যায় আলোচনায়।

টুইট প্রতিবেদক: মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সারোয়ার মিলন আর নেই। রোববার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, বাদ জোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পাকপরে বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডের কবিরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

রাজনীতিতে বহুমাত্রিক পথচলার জন্য পরিচিত ছিলেন মিলন। আশির দশকের শুরুতে তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি হিসেবে নেতৃত্ব দেন।

এর আগে তিনি ভাসানী-ন্যাপ সমর্থিত বামপন্থী ছাত্ররাজনীতির।

পরবর্তীতে ১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে প্রেসিডিয়াম সদস্য হন এবং তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে একই দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মন্ত্রিসভায় শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিক দলে সম্পৃক্ত ছিলেন মিলন। ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পরবর্তী সময়ে তিনি পিডিপিতে যোগ দেন, পরে আবার জাতীয় পার্টিতে ফেরেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারায় যোগ দিয়ে নির্বাচন করলেও বিজয়ী হতে পারেননি।

তার মৃত্যুতে মানিকগঞ্জসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিভিন্ন মহল তার কর্মময় জীবনের অবদান স্মরণ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।