বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের শঙ্কা, তাপমাত্রা নামছে ধীরে ধীরে

রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অতি ভারী বৃষ্টির সতর্কতা; দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা।

টুইট প্রতিবেদক: দেশের রাজধানীসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় তাপমাত্রাও সামান্য কমে আসতে পারে বলে জানানো হয়েছে। ফলে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রায়ও কিছুটা স্বস্তি ফিরতে পারে।

অন্যদিকে ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

তবে আবহাওয়ার পরিবর্তনের কারণে এসব এলাকায় তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আকাশে ঘন মেঘ ও স্থানীয়ভাবে বজ্রঝড় সক্রিয় থাকায় হঠাৎ দমকা হাওয়া ও ভারী বর্ষণের ঝুঁকি বাড়তে পারে।

তাই সংশ্লিষ্ট এলাকায় জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।