স্বৈরাচার নয়, গণঅধিকার প্রতিষ্ঠার হুঁশিয়ারি

জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে রাজপথে নামার বার্তা শহীদ পরিবারের।
টুইট ডেস্ক: জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সমাবেশ থেকে নতুন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মেহেরুন নেসার বাবা মোশারফ হোসাইন।
তিনি স্পষ্ট করে বলেন, গণঅভ্যুত্থানের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশ কোনোভাবেই স্বৈরাচারী শাসন ব্যবস্থার দিকে ফিরে যাবে না।
শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত গণভোট দাবির জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাস্তবতায় জনগণের অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে। ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন না হলে ১১ দলীয় জোটের আহ্বানে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আবেগঘন বক্তব্যে মোশারফ হোসাইন আন্দোলনে আহত ও পঙ্গু হয়ে যাওয়া মানুষদের দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, “যাদের চোখ নেই, হাত নেই, পা নেই,তাদের কষ্ট আমাদের বিবেক নাড়িয়ে দেয়।
এই ত্যাগকে উপেক্ষা করা চলবে না।” তিনি রাজনৈতিক নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিশ্রুতি রক্ষা করে দ্রুত জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।
এক পর্যায়ে তিনি তারেক রহমানের প্রতি সরাসরি বার্তা দিয়ে বলেন, পরিস্থিতি জটিল না করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
একই সঙ্গে তিনি অতীত রাজনৈতিক বাস্তবতার উল্লেখ করে বলেন, জনগণের আত্মত্যাগের কারণেই আজ অনেক রাজনৈতিক নেতার দেশে ফিরে আসা সম্ভব হয়েছে।
সরকার বা ক্ষমতাসীনদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “আমাদের রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা কষ্টে আছি, কিন্তু প্রয়োজনে আবারও জীবন দিতে প্রস্তুত। তবে তখন ক্ষমতাসীনদের পালানোর পথ থাকবে না।”
সমাবেশ থেকে শহীদ পরিবারের পক্ষ থেকে নতুন বাংলাদেশকে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিশ্চিত করে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ইস্যুটি নতুন করে জাতীয় আলোচনার কেন্দ্রে উঠে আসতে পারে।






