অপরাধ দমনে কঠোর বার্তা

দল-মত নির্বিশেষে অপরাধীদের আইনের আওতায় আনার নির্দেশ; মাদক নিয়ন্ত্রণে প্রশাসন-জনগণের সমন্বয়ের ওপর জোর।
টুইট প্রতিবেদক: দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও কৃষকদের সহায়তা কার্যক্রমে অংশ নিয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন অপরাধ দমনে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন।
তিনি স্পষ্টভাবে বলেন, অপরাধীর কোনো পরিচয় বা পক্ষপাত নেই,যে-ই অপরাধ করুক, তাকে আইনের আওতায় আনতেই হবে।
শুক্রবার বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।
দেশে শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে আইন মেনে চলতে হবে এবং প্রশাসনকে সহায়তা করতে হবে।
মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যা মোকাবিলা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
একই অনুষ্ঠানে বিজ্ঞান ও উদ্ভাবন বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
নিয়মিত চর্চা ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীরা একদিন বড় বিজ্ঞানীতে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে মন্ত্রী ১৭ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এছাড়া এসএসিপি-আরএআইএনএস প্রকল্পের আওতায় ৫৪০ জন কৃষকের মধ্যে শাকসবজির বীজ ও সার এবং ৪০ জন কৃষকের মধ্যে মুগডালের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। তারা সরকারের এসব সহায়তা কার্যক্রমকে কৃষি উৎপাদন বৃদ্ধি ও শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।






