ঢাবিতে যুদ্ধবিরোধী কনসার্ট আজ

ইরানসহ বিশ্বজুড়ে আগ্রাসনের প্রতিবাদে ‘নো ওয়ার নো এম্পায়ার’ আয়োজন, অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড

টুইট প্রতিবেদক: রাজধানীর রাজু ভাস্কর্য প্রাঙ্গণে আজ বিকেলে অনুষ্ঠিত হচ্ছে যুদ্ধবিরোধী বিশেষ কনসার্ট। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, গণহত্যা ও সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, ‘নো ওয়ার নো এম্পায়ার’ শিরোনামের এই কনসার্ট শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রগতিশীল ছাত্র সংগঠন যৌথভাবে অংশ নিচ্ছে।

কনসার্টে গানে গানে সংহতি জানাবেন দেশের একঝাঁক সংগীতশিল্পী ও ব্যান্ডদল। তালিকায় রয়েছেন কফিল আহমেদ, অরূপ রাহী, আহমেদ হাসান সানী, ইলা লালালালা, ওয়ারদা আশরাফ, সুচিন মারমা ও কুয়াশা মূর্খ। পাশাপাশি পরিবেশন করবে সহজিয়া, কোরাস, দ্য কমরেডস, বাংলা ফাইভ, মাভৈ ও সমগীত।

আয়োজকদের ভাষ্য, ফিলিস্তিন, ইরান, লেবানন, ভেনেজুয়েলা ও কিউবাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান আগ্রাসন ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই উদ্যোগ। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাক্ষরিত মার্কিন বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিও উত্থাপন করা হবে।

তারা মনে করেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিল্পী সমাজের নীরব থাকার সুযোগ নেই। সংস্কৃতি ও সংগীতের শক্তিকে কাজে লাগিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং সাম্রাজ্যবাদবিরোধী জনসচেতনতা তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উন্মুক্ত এই কনসার্টে সাধারণ মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।